দৌলতপুরে কয়েলের আগুনে ভস্মীভূত ঘরবাড়ি ও গবাদিপশু, দগ্ধ ২ কৃষক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারীপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৮ মার্চ) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বাড়ির মালিক জানবার আলী প্রামানিক ও প্রতিবেশী উকিল প্রামানিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, জানবার আলীর অবস্থা আশঙ্কাজনক।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির গরুর ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়, রাতের নির্জনতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই বসতঘরের বিভিন্ন অংশ গ্রাস করে।
পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুনে কৃষক জানবার আলীর ৪টি বড় গরু ও ১টি বাছুর, ৪টি ছাগল, ১টি মোটরসাইকেল, ২টি পানিতোলা মোটর, ৮ মন চাষকৃত তামাক এবং নগদ প্রায় ২ লাখ টাকাসহ ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও বসতঘর। সবমিলিয়ে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানবার প্রামানিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, পুড়তে পুড়তে দেখেছি সব শেষ হয়ে যেতে।
আমার সব শেষ হয়ে গেছে। গরু-ছাগল, নগদ টাকা, ঘরের জিনিস কিছুই বাঁচাতে পারিনি। এখন পরিবার নিয়ে কীভাবে বাঁচব বুঝতে পারছি না।
স্থানীয়দের মতে, আগুন লাগার পরপরই সবাই এগিয়ে এলেও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনন্দ গুহ জানান, অগ্নিকাণ্ডে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি জেনেছেন এবং সরকারিভাবে সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আর্থিক সহায়তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































